প্রকাশিত: Mon, Feb 27, 2023 10:25 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:25 PM

সাংবাদিক রোজিনাকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজেসহ ২১ সংগঠনের

খালিদ আহমেদ: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসসহ (সিপিজে) ২১টি মানবাধিকার ও সাংবাদিক অধিকার সংগঠনের পক্ষ থেকে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জব্দ করা পাসপোর্টও ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রোজিনা ইসলাম যেন পেশাগত কারণে প্রতিশোধমূলক কর্মকাণ্ডের শিকার না হন তাও নিশ্চিত করতে বলেছে সংগঠনগুলো।

রোববার ইমেইলযোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে এসব দাবি জানিয়ে খোলা চিঠি দিয়েছে সংগঠনগুলো। ইমেইলের কপি দেওয়া হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে। সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডজয়ী রোজিনা ইসলামের কর্ম একটি জনসেবা, অপরাধ নয়; যা জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইনের ৪ ও ৫ ধারা অনুসারে তার সুরক্ষা করা উচিত।

চিঠিতে স্বাক্ষকারী সংগঠনগুলো হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, কোয়ালিশন ফর উইমেন ইন জার্নালিজম, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, সিবিসাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ডার্ট সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড ট্রমা, ফ্রি মিডিয়া মুভমেন্ট, ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর জার্নালিস্টস, ইন্টারন্যাশনাল উইমেন্স মিডিয়া ফাউন্ডেশন, ওভারসিস প্রেস ক্লাব অব আমেরিকা, পাকিস্তান প্রেস ফাউন্ডেশন, পেন আমেরিকা, পেন বাংলাদেশ, পেন ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, সাউথ এশিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব